ইরান যুদ্ধের কারণে ইসরায়েলের প্রযুক্তি খাতে কর্মীর সংকট

· Prothom Alo

ইরানের সঙ্গে চলা যুদ্ধের কারণে ইসরায়েলের প্রযুক্তি খাতে নজিরবিহীন সংকট দেখা দিয়েছে। ইসরায়েল ইনোভেশন অথরিটির এক জরিপের তথ্যমতে, বর্তমানে ইসরায়েলের প্রায় ৫০ শতাংশ ছোট স্টার্টআপ ও প্রতিষ্ঠিত প্রযুক্তিপ্রতিষ্ঠানে কর্মীর সংকট চলছে। এর ফলে তাদের পণ্য উদ্ভাবন ও বাজারজাতকরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Visit h-doctor.club for more information.

দীর্ঘদিন ধরে চলা ইরান যুদ্ধ ইসরায়েলের ব্যবসায়ী ও সাধারণ কর্মীদের চরম অগ্নিপরীক্ষার সম্মুখীন করেছে। কারণ, প্রযুক্তি খাতের হাজার হাজার দক্ষ কর্মী বর্তমানে দেশটির রিজার্ভ ডিউটি বা সামরিক দায়িত্বে নিয়োজিত রয়েছে। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজার কারণে বারবার নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যাওয়ায় অনেকে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। যুদ্ধের এসব প্রভাব মূল্যায়ন করতে ইসরায়েল ইনোভেশন অথরিটি বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও উচ্চপদস্থ ৬৩৭ কর্মকর্তার ওপর একটি জরিপ পরিচালনা করে। জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক প্রতিষ্ঠান তাদের মোট জনশক্তির ২৫ শতাংশের বেশি কর্মীকে কর্মক্ষেত্রে পাচ্ছে না। এর মূল কারণ সামরিক দায়িত্ব, শিক্ষাপ্রতিষ্ঠানের অচলাবস্থা ও নিরাপত্তাজনিত বিধিনিষেধ।

ইসরায়েল ইনোভেশন অথরিটির প্রধান ড্রর বিন জানিয়েছেন, বর্তমানে এই খাত মানবসম্পদ, সরবরাহব্যবস্থা, পণ্য উন্নয়ন ও পুঁজি সংগ্রহের ক্ষেত্রে বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। তবে বিগত বছরের অভিজ্ঞতা বলে, এই খাতের দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে।

জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২ শতাংশ জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে পণ্য উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। ২২ শতাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের পণ্য উন্মোচন দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দিতে বাধ্য হয়েছে। কর্মীর সংকটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ প্রযুক্তি খাতের ব্যবসায়িক কার্যক্রমকে পঙ্গু করে দিয়েছে।

অর্ধেকের বেশি প্রতিষ্ঠান জানিয়েছে, যুদ্ধের কারণে প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি করতে তারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। এর ফলে স্থানীয় উৎপাদন ব্যবস্থা থমকে গেছে। বেন গুরিয়ন বিমানবন্দরের অচলাবস্থা মালামাল পরিবহনের পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক, বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ ও নতুন অংশীদারত্ব তৈরির পথেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের প্রযুক্তি খাত মূলত বিদেশি পুঁজির ওপর নির্ভরশীল। দেশটির টেক স্টার্টআপগুলোতে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগের প্রায় ৮০ শতাংশই আসে বিদেশি তহবিল থেকে। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ৭১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে যে, তাদের পুঁজি সংগ্রহ বা বিনিয়োগের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১১ শতাংশ প্রতিষ্ঠানের বিনিয়োগ পরিকল্পনা পুরোপুরি বাতিল হয়ে গেছে। আশঙ্কাজনক তথ্য হলো, ৩১ শতাংশ প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের ব্যবসা বিদেশে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। শুধু তাই নয়, তাদের মধ্যে ২৫ শতাংশের আশঙ্কা যুদ্ধ যদি আরও এক মাস স্থায়ী হয়, তবে তাদের ব্যবসা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Read full story at source