বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে সত্য ইতিহাস তুলে ধরতে হবে

· Prothom Alo

তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার জালাল উদ্দিন। তিনি বলেন, ‘স্বাধীনতার সঠিক ইতিহাস জানা জরুরি, নইলে নতুন প্রজন্ম সহজেই বিভ্রান্ত হতে পারে। এই ইতিহাস পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু নির্দিষ্ট কারও নয়, বরং আমাদের সবার।’

৩০ মার্চ সকালে জামালপুর জিলা স্কুলে অনুষ্ঠিত ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে এই অলিম্পিয়াডের আয়োজন করে জামালপুর বন্ধুসভা।

Visit lej.life for more information.

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াবহ রাতের কথা তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা খন্দকার জালাল উদ্দিন বলেন, ‘হঠাৎ করেই পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায়। তখন আমাদের প্রস্তুতি বলতে কিছুই ছিল না। যুদ্ধ পরিচালনার জন্য তিনটি বাহিনী গঠন করা হয়েছিল—জেড ফোর্স, কে ফোর্স ও এস ফোর্স; যাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে লড়াই চালিয়ে যান।’

বর্তমান সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে বিভক্তির প্রসঙ্গ তুলে ধরে খন্দকার জালাল উদ্দিন বলেন, এই দেশ কোনো একক দলের সম্পত্তি নয়। বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে সত্য ইতিহাস তুলে ধরতে হবে।

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা

অলিম্পিয়াডে মুক্তিযুদ্ধভিত্তিক ৩০টি বহুনির্বাচনী প্রশ্নের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজ শেষে সেরা পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম হয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের উম্মে নাছির বুশরা, দ্বিতীয় আশেক মাহমুদ কলেজের তাহমিনা ইসলাম, তৃতীয় জাহেদা শফির মহিলা কলেজের আশা, চতুর্থ জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবিয়া এবং পঞ্চম হয়েছে জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থী আহম্মদ আল মোস্তাইন।

বিজয়ীদের পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার দেওয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার জালাল উদ্দিন, জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এফ এম ইমামুর রশীদ এবং সহকারী শিক্ষক মিনহাজুল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আবদুল আজিজ।

অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুল হাসান, সিফাত আবদুল্লাহ, মাসুদ রানা, রুবেল হাসান, সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয়, অর্থ সম্পাদক সাদিয়া সিদ্দিকা, ম্যাগাজিন সম্পাদক সিয়াম আহম্মেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আহম্মদ আদিল এবং সদস্য মো. বায়োজিদসহ অন্য বন্ধুরা।

সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা

Read full story at source