বাপার নতুন কমিটি দায়িত্ব নিয়েছে
· Prothom Alo

কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব বুঝে নিয়েছে। গতকাল রোববার বাপার কার্যালয়ে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির প্রশাসক জান্নাতুল ফেরদৌস। ২০২৬-২৮ মেয়াদের জন্য গঠিত এই পরিচালনা পর্ষদ ১৫ সদস্যের।
প্রশাসকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার সময় উপস্থিত ছিলেন বাপার নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি উজমা চৌধুরী, সহসভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বাপার বিদায়ী সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক ইকতাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Visit asg-reflektory.pl for more information.
বাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জান্নাতুল ফেরদৌসকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। গত ৮ জানুয়ারি বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচন বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। তবে প্রার্থিতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর সংখ্যা পদের সমান হওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। ১৫ মার্চ নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হয়েছেন লাল তীর সিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব আনাম। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে প্রাণ অ্যাগ্রোর পরিচালক উজমা চৌধুরী, সহসভাপতি পদে প্যারাগন অ্যাগ্রোর এমডি মশিউর রহমান, সাধারণ সম্পাদক পদে বোয়ালখালী অ্যাগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা অংশীদার ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান ও কোষাধ্যক্ষ পদে আহমেদ ফুড প্রোডাক্টসের এমডি মিনহাজ আহমেদ নির্বাচিত হয়েছেন।
পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন লালমাই ফুড প্রোডাক্টসের পরিচালক এনায়েতন রশিদ, মেরিডিয়ান ফুডসের চেয়ারম্যান কোহিনুর কামাল, কিশোয়ান স্ন্যাকসের পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মাজেস্টিক এন্টারপ্রাইজের এমডি মোহাম্মদ বাবুল সারেং, থাই ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী মাইকেল দে, স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মো. মাঈন উদ্দিন, ফাহমিদা কনজুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আল এমরান, হাবিব ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী মো. লাভলু হোসেন, নীড অ্যাগ্রো ফুডসের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান ও এফ এ ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী পাপন রহমান।