মানিকগঞ্জে রপ্তানিমুখী পোশাক কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

· Prothom Alo

মানিকগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার গভীর রাতে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানার কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।

Visit newsbetting.club for more information.

ঘিওর থানার পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওরের পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড নামের একটি কারখানায় উৎপাদিত পোশাক শতভাগ বিদেশে রপ্তানি করা হয়। গতকাল রাত দেড়টার দিকে ২০ থেকে ২২ জনের একটি ডাকাত দল মুখোশ পরে কারখানার ভেতরে ঢোকে। তারা কারখানার নিরাপত্তাকর্মীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এরপর সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে কারখানার বৈদ্যুতিক সাব–স্টেশনের মূল্যবান জিনিসপত্র ও কম্পিউটার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আজ সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজ সকালে কারখানায় গিয়ে দেখা যায়, কারখানাটির ভেতরের সাব-স্টেশনসহ ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও অফিস কক্ষও ভাঙচুর করা হয়।

সুমন হোসেন নামের কারখানার এক কর্মীসহ দুজন প্রথম আলোকে বলেন, ডাকাতেরা কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের ধারালো রামদা ও চাপাতি দেখিয়ে জিম্মি করে ফেলে। তারা সবাই মুখোশ পরে ছিল। পরে তারা কারখানার মালামাল লুট করে নিয়ে যায়।

কারখানার ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, কারখানাটির সাব-স্টেশনে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাব-স্টেশনের তামার তারসহ মূল্যবান বিভিন্ন মালামাল ও কম্পিউটার লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। লুট হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, তিনি কারখানাটি পরিদর্শন করেছেন। ডাকাতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Read full story at source