সুইফটের নতুন কাঠামোতে যুক্ত হলো সিটি ব্যাংক

· Prothom Alo

আন্তর্জাতিক লেনদেনের সেবার মান বাড়াতে আন্তর্জাতিক লেনদেনের নিরাপদ বার্তা আদান-প্রদানকারী নতুন সুইফট ব্যবস্থার পরিকাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে সিটি ব্যাংক। ফলে ব্যক্তি পর্যায়ের গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক অর্থ প্রেরণ ও গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে জানিয়েছে ব্যাংকটি। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী ৪০টির অধিক ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিটি ব্যাংক গ্রাহকের পূর্ণ অর্থ পাওয়ার নিশ্চয়তা, কোনো প্রকার গোপন মাশুল ছাড়া আন্তর্জাতিক লেনদেন সর্বোচ্চ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিচ্ছে। সুইফট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে চালু হওয়া নতুন এ কাঠামো চলতি বছরের মধ্যে বাস্তবায়িত হবে।

Visit xsportfeed.life for more information.

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘তাৎক্ষণিক বৈশ্বিক অর্থ প্রদান পর্যবেক্ষণ (সুইফট জিপিআই)’ শীর্ষক এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, সুইফটের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা কিরণ শেট্টি এবং সুইফটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, ‘ডিজিটাল যুগে গ্রাহকের প্রত্যাশা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটি লেনদেনকে শুধু নিরাপদ নয়, বরং শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছ, নির্ভরযোগ্য ও জবাবদিহিমূলক করা।’

সুইফটের আঞ্চলিক প্রধান কিরণ শেট্টি বলেন, ‘আন্তর্জাতিক লেনদেনে গ্রাহকের সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা বিভিন্ন ব্যাংককে একীভূতভাবে কাজ করতে উৎসাহিত করছি। নতুন এই কাঠামো গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ হবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি ব্যাংক এরই মধ্যে আন্তর্জাতিক লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণযোগ্যতা নিশ্চিত করতে গ্রাহকদের জন্য উন্নত ট্র্যাকিং সুবিধা চালু করেছে। ফলে গ্রাহকেরা তাঁদের পাঠানো অর্থের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত হতে পারবেন, যা লেনদেনে স্বচ্ছতা ও আস্থা বাড়াবে। বিদেশে শিক্ষা, চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের উদ্দেশ্যে অর্থ প্রেরণের ক্ষেত্রেও গ্রাহকেরা এখন পূর্ণ স্বচ্ছতার সঙ্গে লেনদেন পর্যবেক্ষণ করতে পারবেন। একই সঙ্গে প্রক্রিয়াগত উন্নয়ন ও স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীদের কাছে দ্রুত অর্থ পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে। এসব উদ্যোগ গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিতে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

Read full story at source