পাথরঘাটায় বৃদ্ধা ভিক্ষুকের কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই
· Prothom Alo

বরগুনার পাথরঘাটায় ভিক্ষা করার সময় এক বৃদ্ধা ভিক্ষুকের দুই কান ও নাকের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তাঁর ডান কান থেকে টান দিয়ে দুল ছিনিয়ে নেওয়ার সময় কানের নিচের অংশ ছিঁড়ে যায়। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শহরের পাথরঘাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
ভিক্ষুক রাবেয়া বেগম (৬৫) বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের টাকার খাল এলাকার সরকারি আদর্শ গ্রামের বাসিন্দা।
Visit fish-roadgame.online for more information.
রাবেয়া বেগম বলেন, পাথরঘাটা পৌর শাখা ভবনে আসার পথে মডেল স্কুলের পেছন থেকে এক কিশোর এসে জোরপূর্বক তাঁর বাঁ কানের দুল ও নাকফুল খুলে নেয়। পরে দ্রুত তাঁর ডান কান থাকা দুল টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাঁর ডান কান কেটে যায় ও রক্ত ঝরতে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা পৌরসভার নৈশপ্রহরী বাদল হোসেন বলেন, ‘ওই বৃদ্ধা ভিক্ষুক কাঁদতে কাঁদতে আমার কাছে এসে ঘটনা জানালে তাঁকে নিয়ে পাথরঘাটা হাসপাতালে যাই। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজখবর নিয়ে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখছে।’
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ভাস্কর রঞ্জন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।