রমজান মাস যে কারণে সবার জন্য শিক্ষণীয়

· Prothom Alo

ইসলাম ধর্মাবলম্বীদের জীবনে রমজান মাস এক বিশেষ তাৎপর্যপূর্ণ অধ্যায়। হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান। এ মাসেই সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য নাজিল হয় পবিত্র কোরআন। তাই রমজান কেবল রোজা পালনের সময় নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, আত্মনিয়ন্ত্রণ এবং নৈতিক উৎকর্ষ সাধনের এক মহামূল্যবান সুযোগ।

এ মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, ভোগবিলাস ও দেহগত চাহিদা থেকে বিরত থাকা রোজার বাহ্যিক রূপ; কিন্তু রোজার প্রকৃত শিক্ষা আরও গভীর। এটি মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, লোভ-হিংসা-অহংকার দমন করতে শেখায় এবং আত্মসংযমের এক অনন্য চর্চা গড়ে তোলে।

Visit amunra.help for more information.

রমজান একটি মাসব্যাপী প্রশিক্ষণ। এখানে মানুষ ধৈর্য, সহনশীলতা, আত্মসংযম ও মানবিকতা অনুশীলন করে।

ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট মানুষকে উপলব্ধি করায় দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের জীবনসংগ্রাম। ফলে হৃদয়ে জন্ম নেয় সহমর্মিতা। রোজা মানুষকে শেখায়, অন্যের দুঃখ বোঝার মধ্যেই মানবতার বিকাশ।

রমজান এলেই মসজিদগুলো প্রাণচঞ্চল হয়ে ওঠে। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আদায় করা হয় তারাবিহ। দীর্ঘ সময় ধরে কোরআন তিলাওয়াত শোনা ও পড়া মুসলমানদের অন্তরে এক ভিন্ন প্রশান্তি এনে দেয়। রাতের নির্জনতায় তাহাজ্জুদ নামাজ, দোয়া-ইস্তিগফার ও জিকির মানুষের হৃদয়কে নরম করে এবং আত্মাকে সজীব করে তোলে।

রমজানের শেষ দশক বিশেষ মর্যাদাপূর্ণ। এ সময়েই রয়েছে লাইলাতুল কদর। যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতেই কোরআন নাজিলের সূচনা হয়েছিল। মুসলমানরা এ রাতে অধিকতর ইবাদত, কেরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। অনেকেই ইতেকাফে বসেন, দুনিয়াবি ব্যস্ততা থেকে নিজেকে দূরে রেখে আত্মসমালোচনায় নিমগ্ন হন। শবে কদর মানুষের জীবনে এক আধ্যাত্মিক নবজাগরণের সুযোগ এনে দেয়।

রমজান কেবল ব্যক্তিগত সাধনার মাস নয়; এটি সামাজিক ন্যায় প্রতিষ্ঠারও সময়। এ মাসে জাকাত আদায় ফরজ এবং সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। জাকাতের মাধ্যমে সমাজের সম্পদ পুনর্বণ্টিত হয় এবং ধনী-গরিবের বৈষম্য কিছুটা হলেও কমে আসে।

ইফতারসামগ্রী বিতরণ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র প্রদান—এসব উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদার করে। রোজা মানুষকে শেখায়—অতিরিক্ত ভোগ নয়; বরং ভাগ করে নেওয়াই প্রকৃত আনন্দ।

রোজার মূল শিক্ষা হলো চরিত্র গঠন। শুধু না খেয়ে থাকা রোজার উদ্দেশ্য নয়; বরং মিথ্যা, পরনিন্দা, গিবত, প্রতারণা ও অন্যায় কাজ থেকে বিরত থাকাই রোজার প্রকৃত লক্ষ্য। ব্যক্তি যদি নিজের ভুল-ত্রুটি চিহ্নিত করে সংশোধনের পথে এগিয়ে যায়, তবে তার জীবন আলোকিত হয়ে ওঠে। রমজান পারিবারিক বন্ধনও সুদৃঢ় করে। সাহ্‌রি ও ইফতারে পরিবারের সবাই একত্র হয়। একসঙ্গে দোয়া, নামাজ ও কোরআন তিলাওয়াত পরিবারে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। সমাজে ইফতার মাহফিল ও পারস্পরিক আমন্ত্রণ সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে।

রোজার রয়েছে স্বাস্থ্যগত কিছু উপকারিতাও। সারা দিন না খাওয়ার ফলে পাকস্থলী ও হজমতন্ত্র কিছুটা বিশ্রাম পায়। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস শরীরকে ভারসাম্যপূর্ণ রাখতে সহায়তা করে। নির্দিষ্ট সময় উপবাসে শরীর সঞ্চিত চর্বি ব্যবহার করতে শুরু করে, ফলে ওজন নিয়ন্ত্রণ ও বিপাকক্রিয়া উন্নত হতে পারে। তবে ইফতারে অতিরিক্ত ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে এ উপকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তাই রমজান আমাদের সংযম ও পরিমিতিবোধের শিক্ষাও দেয়।

রমজান একটি মাসব্যাপী প্রশিক্ষণ। এখানে মানুষ ধৈর্য, সহনশীলতা, আত্মসংযম ও মানবিকতা অনুশীলন করে। এই মাসে অর্জিত গুণাবলি যদি সারা বছর ধরে ধারণ করা যায়, তবে ব্যক্তি ও সমাজ উভয়ই হবে কল্যাণমুখী। রমজান আমাদের মনে করিয়ে দেয়—মানুষ কেবল ভোগের জন্য সৃষ্টি হয়নি; বরং সে স্রষ্টার প্রতিনিধি, যার দায়িত্ব ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা।

রমজান কেবল একটি ধর্মীয় মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিক পুনর্জাগরণ ও সামাজিক সংহতির এক অনন্য সময়। এই মাসের শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তবে ব্যক্তি, পরিবার ও সমাজ—সবই হয়ে উঠবে আরও শান্তিময়, কল্যাণমুখী ও আলোকিত।

সাবেক সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা

Read full story at source