ময়মনসিংহে ডিবি পুলিশ পরিচয়ে রডভর্তি ট্রাক ডাকাতি
· Prothom Alo

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রায় ১৪ টন রড ছিনতাইয়ের অভিযোগ অভিযাগ উঠেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার ভালুকা থানায় ডাকাতির মামলা হয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া এলাকায় শুক্রবার রাতে ডাকাত দলের কবলে পড়ে একটি ট্রাক। শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে একটি ট্রাকে ১৪ টন রড নিয়ে ট্রাকমালিক মো. আসাদুজ্জামান (তরুন) ময়মনসিংহ শহরের আবুল খায়ের ডিপোর দিকে রওনা দেন। মো. আসাদুজ্জামান নগরের গোহাইলকান্দি এলাকার বাসিন্দা। ট্রাক চালাচ্ছিলেন চালক মো. এরশাদুল।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহগামী মহাসড়কের উপজেলার আখালিয়া জিনজির শাহ মাজারের বিপরীত পাশে ট্রাকটি পৌঁছামাত্র সাদা রঙের একটি মাইক্রোবাস পেছন থেকে এসে ট্রাকটিকে সিগন্যাল লাইট দিয়ে গতিরোধ করে। সাত সদস্যের দলটির একজনের পোশাকে ডিবি লেখা ছিল। তাঁরা ট্রাকটি থামিকে ট্রাকের মালিক ও চালককে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে ট্রাক ও ট্রাকে থাকা ১৪ টন রড অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ছাড়া ট্রাকমালিকের কাছে থাকা ২৫ হাজার ৩০০ টাকাও জোরপূর্বক নিয়ে নেন। পরে ট্রাকের মালিক ও চালককে ভোরবেলা ঢাকার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরে নামিয়ে দেন। এ ঘটনায় দুপুরে ভালুকা থানায় এসে অভিযোগ দেন আসাদুজ্জামান। পরে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে।
ট্রাকের মালিক মো. আসাদুজ্জামান বলেন, ‘পেছন থেকে আসা সাদা রঙের মাইক্রোবাসটি ট্রাক থামিকে ডিবি পুলিশ পরিচয় দিতে থাকেন কয়েকজন। এ সময় তাঁদের হাতে হ্যান্ডকাফ, ওয়্যারলেস সেট দেখিয়ে ট্রাকে অবৈধ মাল আছে বলে ট্রাক থেকে আমাদের নামিয়ে তাঁদের মাইক্রোতে তুলে নেন। এরপর চোখ ও হাত-পা বেঁধে মারধর শুরু করেন। পরে ভোরে রাস্তার পাশে ফেলে যান।’
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রায় ১৪ টন রডসহ ট্রাক নিয়ে গেছে ডিবি পরিচয়ধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে এবং মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।