নিখোঁজ শিশুটির মরদেহ পাওয়া গেল নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায়

· Prothom Alo

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন এলাকায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নিখোঁজ হয় একটি মেয়েশিশু। সাড়ে তিন ঘণ্টা পর শিশুটির মরদেহ ওই এলাকারই একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় পাওয়া গেছে। ওই জায়গায় পানি জমে ছিল।

শিশুটির নাম তাহেদী আক্তার। বয়স ৬ বছর। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত।

Visit lebandit.lat for more information.

শিশুটির স্বজনেরা জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে শিশুটি বাসার বাইরে যায়। এর পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির পর রাত ১২টার কিছু আগে পাশের একটি নির্মাণাধীন ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় নিথর শিশুটিকে খুঁজে পাওয়া যায়।

উদ্ধার করে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বুধবার ভোরে পুলিশ এসে শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির বাবা লিটন মিয়া কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পোশাকশ্রমিক। পরিবার নিয়ে পশ্চিম উলন এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। এক ভাই ও এক বোনের মধ্যে নিহত শিশুটি সবার ছোট।

শিশুটির চাচা স্বপন মিয়া প্রথম আলোকে বলেন, পাশের ভবনে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া দরকার—শিশুটি পানিতে ডুবে মারা গেছে, নাকি অন্য কোনো কারণ আছে। ঘটনাটি তদন্তের জন্য তিনি পুলিশের প্রতি আহ্বান জানান।

Read full story at source